আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়
By আফিফা পারভীন
Publisher: অন্যপ্রকাশ
Language: N/A
Format: Unknown
Pages: N/A
ISBN: N/A
৳700.00
30% OFFOut of Stock
বইকথন: বুনো ফুল গায়ে জড়িয়ে সাদা পেঁজা তুলোর মাঝে পাহাড় যেন নীরবে আকাশের গায়ে হেলান দিয়ে ঘুমায়। এই ঘুমন্ত পাহাড়গুলো প্রায় জেগে ওঠে মানুষের হাহাকার আর আর্তচিৎকারে।
আশির দশকের শেষভাগ—মুক্তিযুদ্ধ পরবর্তী অস্থির বাংলাদেশের প্রেক্ষাপটে রচিত “আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়”। যুদ্ধের ক্ষতচিহ্ন তখনও শুকোয়নি, আর তারই মধ্যে দেশের পার্বত্য অঞ্চল চট্টগ্রাম যেন অন্য এক যুদ্ধক্ষেত্র! মনোমুগ্ধকর সৌন্দর্যের আড়ালে উঠে এসেছে সমতল ও পাহাড়ি অঞ্চলের অস্থিতিশীলতার গল্প, রক্তাক্ত ইতিহাস। নব্য স্বাধীন হওয়া বিপর্যস্ত দেশেই শান্তিবাহিনী ও সেনাবাহিনী মুখোমুখি লড়াইয়ে ব্যস্ত। বিচ্ছিন্নতাবাদী শক্তি ও চরমপন্থী দলের কোন্দলে পাহাড়ি জনজীবন বিপর্যস্ত। এ অশান্ত সময়েও ভালোবাসা আসে। এই উপন্যাস যুদ্ধ ও প্রেমের। এখানে মানবিকতার আলো যেমন তীব্রভাবে জ্বলে ওঠে, তেমনি পাশবিক দিকও স্পষ্ট হয়।
রুমা ব্যাটালিয়নে দায়িত্ব পালন করতে আসেন এক ক্যাপ্টেন—প্রকৃতি ও দেশপ্রেমে ভরপুর, পেশাগত দায়িত্বে কঠোর। পাহাড়ের নৈঃশব্দ্য তাকে গভীরভাবে ভাবায়, আবার সেই পাহাড়ের নির্মমতায় মন বিষণ্ন হয়ে ওঠে। দায়িত্ব, দেশ, পরিবার, ব্যক্তিগত টানাপোড়েন, প্রেমের টান—সব মিলিয়ে মানুষটির ভেতরে তৈরি হয় অদ্ভুত দ্বন্দ্ব। নাফিসের পাশাপাশি উঠে এসেছে মুনিয়া, জিনিয়া, রাহেলা, নাদিম, ফারহান, মংসানু, রেণু, সাজিদ, সামাচিং, উহ্লাচিং-এর মতো বেশ কিছু সমতল ও পাহাড়ি অধিবাসীর চরিত্র। প্রতিটি চরিত্রই সময় স্বমহিমায় মহিমান্বিত হয়েছে সুনিপুণ লেখনায়। এখানে পাহাড়ের পাশাপাশি সমতলের অস্থিরতার কথাও উঠেছে। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তখন উত্তাল দেশ, তরুণ-তরুণীদের রক্তে রঞ্জিত রাজপথ। একই সাথে মুক্তিযুদ্ধের সময় নির্মম নির্যাতনের চিত্রও উঠে এসেছে। গুরুত্বপূর্ণ বার্তাটি হলো—ভবিষ্যতের কথা ভেবে আমাদের পূর্বপুরুষেরা তাঁদের বর্তমানকে উৎসর্গ করেছিলেন। তাই স্বাধীন, নিরাপদ ও শান্তির নীড়ে বসবাস করে আমরা যেন এ কথা ভুলে না যাই!
পাঠপ্রতিক্রিয়া: চব্বিশের গণঅভ্যুত্থান, জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী দিনগুলোতে যখন বাংলাদেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল, সেই সময়ে বইটি পড়া হয়। ২০২৪-এর জুলাই-আগস্ট বিপ্লব, পাহাড়ে বিক্ষুব্ধ অবস্থা, সেপ্টেম্বর-এ লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের মৃত্যু—সবকিছুর সাথে বইয়ের লেখাগুলো বেশ খানিকটা কানেক্ট করতে পারি। আশির দশকের শেষভাগে স্বৈরশাসন, স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্রজনতার গণঅভ্যুত্থান, পাহাড়ে অস্থিরতা, দেশ ও পাহাড় রক্ষায় সেনাবাহিনীর আত্মত্যাগ, দেশপ্রেম, ভালোবাসা—দারুণভাবে ফুটে উঠেছে। লেখিকার আপুর বইগুলোর মধ্যে এটাই প্রথম পড়া বই। এরপর এ পর্যন্ত লেখিকার আরো ছয়টি বই পড়া হয়েছে যেমন- ‘অপরাজিতা’, ‘দহনের দিনে জোছনার ফুল’, ‘রংমহল’, ‘মন্দবাসার গল্প’, ‘অমলতাসের আমন্ত্রণ’, ‘এমন দিনে তারে বলা যায়’। কিন্তু ‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়’ বইটি পছন্দের শীর্ষ অবস্থান করছে। তিনি অসাধারণভাবে প্রকৃতিকে বর্ণনা করতে পারেন। কখনো পাহাড় ভ্রমণ না করেও বইয়ের বর্ণনায় পাহাড়ি প্রকৃতিতে যেন হারিয়ে গিয়েছি। কল্পনার জগতে আনমনেই এঁকে গিয়েছি বুনো ফুল, নীলাভ আকাশ, সবুজ পাহাড় ও পাহাড়ি জনপদের জীবনযাপনের চিত্র। আরেকটা কথা, বইয়ের সমাপ্তি কোনো নাটকীয়তা বা অবাস্তবতা নয়, বরং তৃপ্তিময় ও বাস্তবসম্মত।
লেখিকা আফিফা পারভীনের বইগুলোকে বেশ আন্ডারেটেড মনে হয়। তিনি সুন্দরভাবে মানুষের জীবন, প্রেম আর প্রকৃতির কথা বর্ণনা করেন, ‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়’ বইটি লেখিকার এক সাহসী পদক্ষেপের প্রমাণ। নিখুঁতভাবে তুলে ধরেছেন সেনাজীবনের কথা, পাহাড়ের কথা, জনজীবনের অস্থিরতার কথা। এ বইয়ে যে ইস্যু হাইলাইট করা হয়েছে, তা নিঃসন্দেহে চমৎকার। পাঠক পড়ুক বইটি, আলোচিত হোক এবং আরো গভীরভাবে জানুক পাহাড়ের কথা; হৃদয় উপলব্ধি করুক দেশপ্রেম ও আত্মত্যাগ।
No reviews yet. Be the first to review this book!